প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-২৯ ২২:৪২:১৮
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত খাদিজা বেগম ও রোমেনা বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. আক্কাস আলী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অসুস্থতার খবর পেয়ে তিনি তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।
জানা গেছে, উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই ও বড় শীতলাই গ্রামের বাসিন্দা খাদিজা বেগম ও রোমেনা বেগম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নিতে তাদের পরিবারকে হিমশিম খেতে হচ্ছে।
সাক্ষাৎকালে আক্কাস আলী অসুস্থ দুই নারীর চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি ব্যক্তিগতভাবে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নিয়মিত চিকিৎসা ও ওষুধের জন্য আরও আর্থিক সহায়তা প্রয়োজন।
স্থানীয়রা বলেন, খাদিজা ও রোমেনার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে তাদের পরিবার উপকৃত হবে।