প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-২৯ ২১:৪৬:১০
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়-মিলপাড় এলাকা থেকে মো. সবুজ (১৪) নামে এক কিশোর চারদিন ধরে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ সন্তানের সন্ধান পেতে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, সখীপুর থানা পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা-মা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সখীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নিখোঁজ সবুজের বাবা-মা কান্নাজড়িত কণ্ঠে তাদের সন্তানের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়িতে খাবার খেতে না আসায় সবুজের মা তাকে ফোন করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সবুজের বাবার নাম মো. সিরাজ মিয়া। সে সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়-মিলপাড় এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে সবুজের বাবা বলেন, কেউ সবুজকে কোথাও দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে যোগাযোগ করার অনুরোধ করেন।
যোগাযোগ: মো. সিরাজ মিয়া
মোবাইল: ০১৭১৯-৬৪৪৯৯৭