প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা'র ছাত্রাবাসের উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৯-২৬ ২৩:৫৮:০৫

News Image

আফজাল মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সাড়ে চার কোটি ব্যয় সিলেটের বিশ্বনাথের পনাউল্লাহ বাজারে হযরত শাহজালাল (রহ.) দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা লিঃ এর নবনির্মিত ছাত্রাবাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

 

গতকাল শনিবার বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ছাত্রাবাসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাফিজ ফখরুদ্দীন ছাহেবজাদায়ে ফুলতলী। 

 

তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহ তা'আলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরের সাহায্য করো।' একটি সমাজ কতটা উন্নত, তা মাপা হয় সেই সমাজ তার এতিম ও অসহায় শিশুদের কতটা আগলে রাখছে তার ওপর। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এরশাদ করেছেন, আমি এবং এতিমের দায়ীত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে একসাথে অবস্থান করব।

 

তিনি আরও বলেন, পনাউল্লাহ বাজারে যে ছাত্রবাসটির শুভ সূচনা হলো এটি কেবল ইট-পাথরের কোনো চার দেয়াল নয়, এটি নূরে মোহাম্মদীর আলো ছড়ানোর একটি নিরাপদ আশ্রয়। এখানে দিনের হাফেজ তৈরি হবে, সুনাগরিক গড়ে উঠবে, যারা আগামী দিনে অন্ধকার সমাজকে আলোর পথ দেখাবে। যারা সুদুর প্রবাসে থেকে নিজেদের কর্ষ্টাজিত অর্থ ও শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে এপর্যন্ত নিয়ে এসেছেন তাদের এই মহতি দানকে সদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।

 

হযরত শাহজালাল (রহ.) দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসা সভাপতি নাজমুল ইসলাম রুহেলের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা ফারুক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব মুফতি একেএম মনোওর আলী, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল আব্দুল কাদির, আজাদ মেম্বার, ছৈফুল আলম, আলাউর রহমান, ছৈদ আলী, রাজন মিয়া, ইছাক আলী, গোলাব মিয়া প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান তামীম ও নাতে রাসূল পরিবেশন করেন রাহীম আহমদ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটি, যুক্তরাজ্য কমিটি, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।