প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-১৭ ১৭:৪৬:৫৩
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে সতীনকে ‘মা’ ডাকায় ৩ বছরের শিশু আশরাফুলকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় ৮ বছরের মেয়ে সিদরাতুলকেও ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়। পরে আকলিমা আত্মহত্যার চেষ্টা করেন।
বুধবার দিবাগত (১৭ সেপ্টেম্বর, ২০২৬) গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আকলিমাকে হেফাজতে নেয় সখীপুর থানা-পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তারের সন্তান না হওয়ায় তিনি চার বছরের এক মেয়েসহ আকলিমাকে বিয়ে করেন। পরে আকলিমার ঘরে আশরাফুলের জন্ম হয়। শিশুটিকে আকলিমা তাঁকে প্রথম স্ত্রী নাসিমার কাছে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে যান। এরপর নাসিমার কাছেই বড় হয় আশরাফুল। সে নাসিমাকে ‘বড় মা’ এবং নিজের মা আকলিমাকে ‘আন্টি’ বলে ডাকত। এ বিষয়কে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে পরিবারের অভিযোগ।
আহত আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিদরাতুল সেখানে চিকিৎসাধীন রয়েছে।
সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, শিশুটির মরদেহ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। শিশুটির মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত কার্যক্রম চলমান।