প্রিন্ট এর তারিখঃ শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

ডেঙ্গু ঠেকাতে টাঙ্গাইলজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, মাঠে প্রতিমন্ত্রী টুকু

প্রকাশিত: ২০২৬-০৯-১২ ১৯:৩২:১৮

News Image

নিজস্ব প্রতিনিধি:
দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলাজুড়ে আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

শনিবার টাঙ্গাইল সদরসহ জেলার বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়।

টাঙ্গাইল সদরে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

 

তারা আরও বলেন, এডিস মশা সাধারণত পরিষ্কার ও জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে নিয়মিত নজরদারি প্রয়োজন।

 

দেশব্যাপী চলমান এ পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা আরও বাড়বে এবং টাঙ্গাইলসহ সারাদেশে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।