প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

রাজশাহী ডিআইজি'র সঙ্গে বাংলাদেশ কৃষক সমিতির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রকাশিত: ২০২৬-০৯-১১ ০০:১২:০৭

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১০ সেপ্টেম্বর, ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর “পদ্মা” সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ এবং সাধারণ সম্পাদক  আব্দুল জলিল কিতাব মন্ডল-এর নেতৃত্বে ৩৮ জন কৃষকের সমন্বয়ে একটি প্রতিনিধি দল রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)  মো. আশিক সাঈদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

 

মতবিনিময়কালে সারের সুষ্ঠু সরবরাহ, কৃষিপণ্য পরিবহণ নির্বিঘ্ন রাখা, কৃষকদের জমি লিজ সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং কৃষিকাজে ব্যবহারের জন্য শুল্কমুক্ত সোলার প্যানেল সুবিধাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

রাজশাহী রেঞ্জ ডিআইজি, বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তিনি ভেজালমুক্ত খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় কৃষক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি মাদক ও সাইবার ক্রাইম প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি কৃষক সমাজের সহযোগিতা কামনা করেন।

 

মতবিনিময় শেষে বাংলাদেশ কৃষক সমিতির প্রতিনিধি দলের পক্ষ থেকে কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য ডিআইজি সামনে প্রদর্শন করা হয়। 

 

এ সময় তিনি কৃষকদের উৎপাদিত পণ্যসমূহ পরিদর্শন করেন এবং কৃষকদের প্রতি শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করেন।

 

এ সময় পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।