প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

ভূঞাপুরে মাদকবিরোধী, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৯-০৯ ২৩:৪২:১৭

News Image

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি, সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ভূঞাপুর থানার আয়োজনে ২নং গাবসারা ইউনিয়নের চরচন্দনী হাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়নের জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

 

কর্মসূচির শুরুতে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চরচন্দনী হাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেন।

 

র‍্যালি শেষে চরচন্দনী হাটে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা। এতে বক্তব্য দেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম, ইন্সপেক্টর (তদন্ত) মামুন ভূঁঞা এবং ২নং গাবসারা ইউনিয়নের বিট অফিসার এসআই (নিঃ) আজাহারুল ইসলাম।

 

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মাদকের পাশাপাশি ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ প্রতিরোধেও সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

 

তারা অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এলাকায় মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান।

 

বক্তারা আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সমাবেশে ২নং গাবসারা ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, কমিউনিটি পুলিশিং সদস্য ও গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।