প্রিন্ট এর তারিখঃ বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০৮ ২৩:৫৮:২৬
ট্যাপেন্টাডল-ইয়াবা সেবনকালে ৩ জন আটক, দেলদুয়ারে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে মাদকবিরোধী পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্স। একই সঙ্গে দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের যৌথ টাস্কফোর্স বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এদিকে, এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের একটি দল দেলদুয়ার উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল।