প্রিন্ট এর তারিখঃ শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০৪ ২২:৪৪:২৭
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাবনা জেলা পুলিশের আয়োজনে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ।
কল্যাণ সভায় ডিআইজি পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় সম্পর্কে অবহিত হন। ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার পাশাপাশি জনগণের সঙ্গে মানবিক ও আন্তরিক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ কল্যাণ সভায় চাকরি শেষে অবসরগ্রহণকারী পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ।
এ সময় তাদের দীর্ঘদিনের সেবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, পাবনার সম্মেলন কক্ষে জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবনা জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ, বিভিন্ন সাফল্য ও অর্জন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস ঘটনার রহস্য উদ্ঘাটন, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন ডিআইজি মহোদয়।
সভায় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় পাবনা জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।