প্রিন্ট এর তারিখঃ বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০২ ১৪:২৭:২৯
কামরুজ্জামান সরকার বাবু পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের মাঝে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পোরশা থানা ও জেলা পুলিশের আয়োজনে মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল-মামুন সভাপতিত্ব করেন।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রধান আলোচকের বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।" দেশীয় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সাথে ফেসবুক বা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সাইবার অপরাধ থেকে সতর্ক থাকা এবং বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করার পরমর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান। বক্তারা সাইবার জগতে নিরাপদ থাকা এবং মাদকমুক্ত সুস্থ জীবনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল-মামুন শিক্ষার্থীদের জন্য এ ধরনের জীবনমুখী ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করায় পোরশা থানা ও জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উক্ত আলোচনা সভায় মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।