প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-২৫ ২০:৪৬:৫০
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অভিযোগে ‘লাইফ কেয়ার’ নামে একটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মৌলভীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানের শুরুতে মৌলভীপাড়ায় অবস্থিত লাইফ কেয়ার ক্লিনিকে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ে। ক্লিনিকটির প্যাথলজি ও রেডিওলজি কার্যক্রমে অনিয়মের পাশাপাশি প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহৃত বেশ কিছু রি-এজেন্ট মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে একই মালিকের পরিচালিত ‘মারুফা ডেন্টাল কেয়ার’-এও নানা অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিপণন এবং পণ্য পরিবহনে ব্যবহৃত কার্টনের অতিরিক্ত ওজনের কারণে ‘পূজা মিষ্টান্ন ভান্ডার’-কে ৫ হাজার টাকা এবং ‘মামা ভাগিনা মিষ্টি মুখ’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন, স্যানিটারি ইন্সপেক্টর পুতুল রানীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।