প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩


জাতীয়

এমপিওভূক্ত বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে শিক্ষক-কর্মচারীদের নতুন নির্দেশনা

প্রকাশিত: ২০২৬-০৮-২৪ ১৬:১২:৪০

News Image

নিজস্ব প্রতিনিধি:
অবসর সুবিধা বোর্ডে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত জমা হওয়া আবেদনগুলোর মধ্যে যেসব শিক্ষক ও কর্মচারী এখনো অবসর সুবিধার টাকা পাননি, তাদের দ্রুত অর্থ পরিশোধের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে অবসর সুবিধা বোর্ড।

 

সম্প্রতি অবসর সুবিধা বোর্ডের পরিচালক ড. এস এম আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জীবিত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধার টাকা পেতে হলে প্রথমে তাদের ব্যাংক হিসাব সচল করতে হবে। এরপর ব্যাংক হিসাবের হালনাগাদ স্টেটমেন্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি এবং নিজ এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর জমা দিতে হবে।

 

অন্যদিকে, মৃত শিক্ষক বা কর্মচারীর ক্ষেত্রে অবসর সুবিধার টাকা পেতে প্রয়োজন হবে 
•    অনলাইন মৃত্যু সনদ
•    ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ক্ষমতা হস্তান্তরপত্র
•    ওয়ারিশ সনদ
•    নমিনির সচল ব্যাংক হিসাবের হালনাগাদ স্টেটমেন্ট
•    নমিনির এনআইডি এবং নমিনির নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর।

 

এছাড়া উভয় ধরনের আবেদনের ক্ষেত্রেই ইনডেক্স নম্বর, আবেদন আইডি নম্বর এবং আবেদন জমা দেওয়ার তারিখ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

 

কোথায় কাগজপত্র জমা দিতে হবে—
অবসর সুবিধার টাকা সংক্রান্ত এসব প্রয়োজনীয় কাগজপত্র রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের অবসর সুবিধা বোর্ডের নির্ধারিত কক্ষে জমা দিতে হবে।

 

শিক্ষক ও কর্মচারীদের সুবিধার জন্য প্রতিষ্ঠানভেদে কক্ষ নম্বরও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী—
•    স্কুলের শিক্ষকগণ: ১৪১৫ ও ১৪২১ নম্বর কক্ষে
•    কলেজ ও কারিগরি শিক্ষকগণ: ১৪১৬ ও ১৪২১ নম্বর কক্ষে
•    মাদ্রাসার শিক্ষকগণ: ১৪১৩ ও ১৪২১ নম্বর কক্ষে

 

প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন
অবসর সুবিধা বোর্ড জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিলে অবসর সুবিধার টাকা পাওয়ার প্রক্রিয়া দ্রুততর হবে। তাই যেসব শিক্ষক ও কর্মচারীর আবেদন ইতোমধ্যে জমা হয়েছে কিন্তু এখনো অবসর সুবিধার টাকা পাননি, তাদের নতুন নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

একই সঙ্গে অবসর ভাতা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার এবং দালালের খপ্পরে না পড়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে সতর্ক করেছে অবসর সুবিধা বোর্ড।