প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-২০ ২১:৪৬:৫৯
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ইমো (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী বাজারের উত্তর পাশে চামড়া পচা পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমো উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইমোর ছয় মাস বয়সী একটি শিশুসন্তান রয়েছে। মায়ের মৃত্যুতে শিশুটি এখন মাতৃহারা।
স্থানীয়রা জানান, ইমো একটি সিএনজি অটোরিকশায় করে সখীপুরের দিকে যাচ্ছিলেন। পথে চামড়া পচা পুকুর এলাকায় চলন্ত সিএনজি থেকে থুতু ফেলার সময় তিনি মুখ বাইরে বের করেন। এ সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি সিএনজি অটোরিকশা তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, পাশ দিয়ে যাওয়া অন্য একটি সিএনজির চাপায় ইমোর মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার পর ওই সিএনজি ও চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।