প্রিন্ট এর তারিখঃ রবিবার ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৮-১৬ ০০:৫৮:০৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত অবসর সুবিধা ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 

 

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

এ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশ নেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শরীফা হক এবং পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কর্মজীবন শেষে অবসর গ্রহণের পর তাঁদের প্রাপ্য অবসর সুবিধা ও কল্যাণ সুবিধার অর্থ প্রাপ্তি শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল; অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত থেকে অতিথিরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা আশা প্রকাশ করেন, অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষক-কর্মচারীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানকে ঘিরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষক-কর্মচারী, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম বাস্তবায়নের ফলে দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা অনেকাংশে কমবে এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।