প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

পরশুরামের কেবিএ আজিজ স্কুলে আন্তঃ ক্লাস ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন দশম শ্রেণি

প্রকাশিত: ২০২৬-০৮-০৬ ২৩:১৮:৩৩

News Image

কেবিএ আজিজ স্কুলের আন্তঃ ক্লাস ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন অতিথিরা

সবীর আহমেদ ভূইয়া, পরশুরাম (ফেনী) প্রতিনিধি:
পরশুরামের ঐতিহ্যবাহী কেবিএ আজিজ আদর্শ উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃ ক্লাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুর ১২ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ৩-১ গোলে অষ্টম শ্রেণির দলকে হারিয়ে বিজয়ী হয় দশম শ্রেণির শিক্ষার্থীদের দল।

 

খেলা শেষে বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি ও ফেনী জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ওসি মো: আশ্রাফুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ওসি তদন্ত মো: ফরিদ,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, অভিভাবক সদস্য ইমাম হোসেন মজুমদার ডালিম ও সাবেক অভিভাবক সদস্য মাহবুবুল হক মজুমদার।

 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা এমরান উদ্দিন মজুমদার। পরে বিজয়ী দশম শ্রেণির খেলোয়াড়দের হাতে অতিথিরা ট্রফি তুলে দেন।

 

অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও বিদ্যালয়ের ইনডোরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শারীরিক গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানান অতিথিরা।