প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নওগাঁর পত্নীতলার আয়েশা সিদ্দিকা

প্রকাশিত: ২০২৬-০৭-২৯ ২৩:৫২:০৪

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বাবার মৃত্যুর শোক বুকে নিয়েই এইচএসসি পরীক্ষার হলে বসেছেন আয়েশা সিদ্দিকা মৌ। বাসায় তখন বাবার মরদেহ, আর সেই কঠিন বাস্তবতাকে সঙ্গী করেই জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নেন তিনি।

 

আয়েশা সিদ্দিকা মৌ নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

 

আজ বুধবার (২৯ জুলাই, ২০২৬) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান (বায়োলজি) বিষয়ে তিনি নজিপুর মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে অংশ নেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, আয়েশার বাবা মিজানুর রহমান মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে পরিবারের সদস্যদের পরামর্শে ভবিষ্যতের কথা বিবেচনা করে আয়েশা পরীক্ষা দিতে যান।

 

মরহুম মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা এবং ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তিনি দীর্ঘদিন শিক্ষা বিস্তারে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

 

পারিবারিক সূত্র আরও জানায়, বুধবার সকাল ৯টায় তাঁর পৈতৃক বাড়ি মঙ্গলবাড়ি গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

শোকের এমন মুহূর্তেও আয়েশার পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর মানসিক দৃঢ়তা, সাহস ও শিক্ষার প্রতি দায়িত্ববোধের প্রশংসা করেছেন।