প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫, তদন্তে অস্ত্রের উৎস

প্রকাশিত: ২০২৬-০৭-২৭ ২২:০৫:৪৯

News Image

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

 

সোমবার (২৭ জুলাই) বিকেলে ফরিদপুরে র‌্যাব-১০ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, সোমবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার রামকান্তপুরের কৈডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানে আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়ি থেকে একটি ব্রিটিশ কাট-অ্যাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— আলম সরদার (৪০), মো. ইব্রাহিম শেখ (৪৪), মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)।


র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।

 

সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্তে তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।