প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

প্রকাশিত: ২০২৬-০৭-২৫ ১৭:১৭:১২

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে। বর্তমান সরকার পরিবেশ রক্ষায় সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। 

 

এরই আলোকে সারাদেশে  চলছে বৃক্ষরোপণ অভিযান। জলবায়ু ও পরিবেশ রক্ষায় আমাদেরকে বৃক্ষরোপন করতে হবে। মা-বাবা যেমন তার সন্তানকে লালন পালন করেন  তেমনি একটি বৃক্ষরোপণ করে  তা লালন পালন করতে হবে। বৃক্ষ শুধু আমাদের অক্সিজেন দেয় না। বৃক্ষ আমাদেরকে নানা ফল দেন। জ্বালানি কাঠ ও প্রয়োজনে আসবাবপত্র আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি। তাই  বসতবাড়ির আশেপাশে, পতিত জমিতে, নদীর ধারে, বিদ্যালয়ের আশেপাশে, বিভিন্ন  প্রতিষ্ঠানের আঙ্গিনায় আমাদের বেশি বেশি ফলজ,বনজ ও ঔষধি গাছ লাগাতে হবে।

 

মাগুরা জেলা পুলিশ ও গ্রিন ভিউ সোশ্যাল মিডিয়ার আয়োজনে  গতকাল শনিবার দুপুরে  মাগুরা পুলিশ লাইনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট  সরকার এদেশকে জিম্মি করে রেখেছিল। দেশে কোন আইন ছিল না।  মানুষ ন্যায অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। শোষন বঞ্চনার শিকার হয়েছিল এ দেশের সাধারণ মানুষ। এখন সময় এসেছে এদেশকে নতুন ভাবে সাজানোর। বর্তমান গণতান্ত্রিক সরকার  দেশের মানুষের নিরাপত্তা, অধিকার  নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি দেশে সামাজিক কর্মকাণ্ড আরো চাঙ্গা করতে বর্তমান সরকার কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,ও পরিবেশ কে সুন্দর করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। 

 

বিগত সরকারের আমলে এদেশে কোন খাল খনন হয়নি। তাই দেশের খাল গুলো খনন করে জীবিত করা হবে।খাল গুলো পূনজীবিত হলে কৃষক বাঁচবে। 

 

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন  খুলনা রেঞ্জ ডিআইজি  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল ও গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট এর সভাপতি  মোঃ আশরাফুল আলম খান। 

 

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে জেলা পুলিশ মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপন করবে।