প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-১৩ ২৩:২৩:২৫
টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধ্বসে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এ দুর্যোগে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। পানিবন্দি হয়ে পড়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবারের সদস্যরা। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।
আজ সোমবার (১৩ জুলাই, ২০২৬) দুপুরে প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ, এই সাত জেলা বর্তমানে বন্যায় আক্রান্ত। এসব জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য বলছে, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। জেলাটিতে মারা গেছেন ৩১ জন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।
আহতদের মধ্যেও কক্সবাজারেই সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে আহত হয়েছেন ২৪ জন। চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
দুর্গত মানুষের নিরাপত্তায় সরকারিভাবে ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় মানবিক কার্যক্রম চলমান রয়েছে।