প্রিন্ট এর তারিখঃ শনিবার ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে আগাম বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত, জীবন ও সম্পদ রক্ষায় সচেতনতার বার্তা

প্রকাশিত: ২০২৬-০৭-১০ ২১:১৬:৪১

News Image

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল:
সম্ভাব্য মৌসুমি বন্যার পূর্বাভাস পাওয়ার পর ১০ দিন আগে থেকেই কীভাবে ধাপে ধাপে আগাম প্রস্তুতি নিয়ে জীবন, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায় এবং বন্যাকালে নৌদুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা যায়—এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে আগাম পূর্বাভাসভিত্তিক বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং মানব মুক্তি সংস্থা (এমএমএস)-এর বাস্তবায়নে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরবর্তী বালিয়াপাড়া এলাকায় এ মহড়ার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. সেলিম মিঞা।


মাহমুদনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আব্দুস-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান, টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক, মানব মুক্তি সংস্থা (এমএমএস)-এর সমন্বয়কারী মিজানুর রহমান, প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, ম্যানেজার (অ্যাডমিন) রবিউল ইসলাম এবং মনিটরিং অফিসার সাখাওয়াত হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

মহড়ায় অংশগ্রহণকারীদের বন্যার আগাম পূর্বাভাস পাওয়ার পর করণীয়, নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া, প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সংরক্ষণ, গবাদিপশু ও গুরুত্বপূর্ণ সম্পদ নিরাপদ স্থানে স্থানান্তর, নৌদুর্ঘটনার সময় উদ্ধার কৌশল এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।

 

আয়োজকরা জানান, আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি করা গেলে বন্যাজনিত প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।