প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের ঘাটাইলে ডিমওয়ালা ও পোনা মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চায়না জাল জব্দ করে আগুনে ধ্বংস

প্রকাশিত: ২০২৬-০৬-৩০ ১৬:৪৬:১৬

News Image

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া টোক এলাকায় ডিমওয়ালা মাছ ও দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ চায়না জাল জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

আজ ৩০ জুন, ২০২৬ ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া টোক এলাকার বিভিন্ন নদী ও জলাশয়ে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মৎস্য দপ্তর, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

 

অভিযান চলাকালে অবৈধভাবে ব্যবহৃত বেশ কয়েকটি চায়না জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, "চায়না জাল অত্যন্ত ক্ষতিকর একটি অবৈধ জাল। এর সূক্ষ্ম ফাঁসে মাছের পোনা, ডিমওয়ালা মাছ এবং অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়। ফলে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার ব্যাহত হয় এবং দেশীয় মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ে।"

 

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, "সরকার দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। চায়না জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহার, সংরক্ষণ কিংবা বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

 

স্থানীয় সচেতন নাগরিকরা জানান, চায়না জালের কারণে প্রতিবছর বিপুল পরিমাণ মাছের পোনা ও ডিম নষ্ট হচ্ছে। ফলে দেশীয় মাছের উৎপাদন কমে যাচ্ছে। তারা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

 

প্রশাসনের পক্ষ থেকে সকল জেলে ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, অবৈধ চায়না জালের ব্যবহার থেকে বিরত থেকে ডিমওয়ালা মাছ সংরক্ষণে সহযোগিতা করার জন্য। মৎস্যসম্পদ রক্ষা করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সমৃদ্ধ জলজ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

 

সচেতনতামূলক বার্তা:
"চায়না জালকে না বলুন। ডিমওয়ালা মাছ রক্ষা করুন। দেশীয় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাই এগিয়ে আসুন।"