প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-২৪ ১৯:৩৭:৫৩
নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘কৃষক কার্ড’ নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) রাত ৮টার দিকে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন করেছেন বলে জানা গেছে।
কবির হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এক শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গগত, গত ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর কবির হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন মহল থেকে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও প্রচারণা চালানো হয়, যার মধ্যে তাকে ‘ভুয়া কৃষক’ হিসেবে আখ্যায়িত করার ঘটনাও ছিল, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদন্তে নামে। দীর্ঘ তদন্ত শেষে নিশ্চিত করা হয় যে কবির হোসেন একজন প্রকৃত কৃষক। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত এবং নিজস্ব জমিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে আসছিলেন। এর মাধ্যমে তাকে ঘিরে চলা বিতর্কের অবসান ঘটে।