প্রিন্ট এর তারিখঃ শনিবার ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের ভূঞাপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৫ ফার্মেসিকে ২০ হাজার ৫০০ জরিমানা

প্রকাশিত: ২০২৬-০৬-২৪ ১০:০৭:১২

News Image

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) বেলা ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ওষুধ প্রশাসন টাঙ্গাইল, ভূঞাপুর উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে কয়েকটি ফার্মেসিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ ও বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ পাওয়া যায়।

 

পরে এসব অনিয়মের ঘটনায় ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় পাঁচটি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট পাঁচটি ফার্মেসিকে পৃথকভাবে জরিমানা করা হয়।

 

টাঙ্গাইল জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বলেন,জনস্বার্থে ওষুধের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।