প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-২৪ ০৯:৪৮:১২
নিজস্ব প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) সকাল ১১টায় শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় রাজপথে রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। তারা অভিযোগ করে বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন অপতৎপরতা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব জাহিদ হোসেন মালাসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দলীয় আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।