প্রিন্ট এর তারিখঃ শনিবার ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

মাগুরায় দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

প্রকাশিত: ২০২৬-০৬-২০ ১৯:২৬:৪৫

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় যাত্রী সেবার মান বাড়াতে মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচলের উদ্বোধন করা হয়েছে। 

 

২০ জুন শনিবার দুপুরে ঢাকা রোডের চাউলিয়া বাস স্ট্যান্ডে মাগুরার নড়াইল সড়কে সরাসরি বাস চলাচলের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় মাগুরা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদ, সাধারণ সম্পাদক  ইছাক মল্লিক, সহ-সভাপতি মিল্টন জামান, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেন ও লাইন সম্পাদক মনিরুল মল্লিক  উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, দীর্ঘ ১৫ বছর পর  মাগুরা- নড়াইল সড়কে ২০ জুন শনিবার থেকে সরাসরি বাস চলাচল শুরু হলো। এই সড়কে দীর্ঘদিন ধরে যাত্রীরা নড়াইল যেতে ভোগান্তির শিকার হয়েছিল। আজ সরাসরি বাস চলাচলের উদ্বোধন হওয়ার ফলে ভোগান্তির অবসান হলো। এখন থেকেই  পার্শ্ববর্তী ঝিনাইদহ, ফরিদপুর ও  রাজবাড়ী  জেলার যাত্রীরা মাগুরা থেকে সরাসরি নড়াইল যেতে পারবে।

 

আয়োজকরা  আরো জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য  হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে  নড়াইল জেলার মালিক গ্রুপের সাথে একটি সমন্বয় সাধিত হয়েছে। ফলে দীর্ঘদিনের দ্বন্দ সংঘাত মিটিয়ে মাগুরা থেকে সরাসরি বাস চলাচল শুরু হল। 


মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে।