প্রিন্ট এর তারিখঃ রবিবার ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-৩১ ১৯:২০:৩৯
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য ভূঞাপুর গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ভূঞাপুর উপজেলা প্রশাসন। উপজেলা, পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে একযোগে পরিচালিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শনিবার (৩০ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সমন্বিত পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মাহবুব হাসান সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। কর্মসূচির অংশ হিসেবে সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ, বাজার এলাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের আওতায় রাস্তা ও জনসাধারণের চলাচলের পথের পাশে গজিয়ে ওঠা আগাছা পরিষ্কার, জমে থাকা আবর্জনা অপসারণ, নর্দমা ও ড্রেন পরিষ্কার, জলাবদ্ধতার সম্ভাব্য স্থানসমূহের ময়লা অপসারণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্য সরিয়ে ফেলার কাজ করা হয়। একই সঙ্গে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা বিষয়ক বিভিন্ন বার্তাও প্রচার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ মশা-মাছির বংশবিস্তারে সহায়ক ভূমিকা রাখে। ফলে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। এ অবস্থায় জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিকদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্য বৃদ্ধির বিষয় নয়, এটি জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান উপাদান। একটি পরিচ্ছন্ন পরিবেশ মানুষের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে সহায়তা করে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এবং অন্যান্য জীবাণুবাহিত রোগের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। এদিকে স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, “একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য ভূঞাপুর গড়ে তোলা শুধু সরকারি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। আমরা চাই প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেষ্ট হোক। জনসচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং স্বেচ্ছাসেবী অংশগ্রহণের মাধ্যমে একটি স্বাস্থ্যকর, নিরাপদ ও পরিবেশবান্ধব ভূঞাপুর গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতা অভিযানকে শুধু একটি দিনের কর্মসূচি হিসেবে দেখা যাবে না। এটি একটি চলমান প্রক্রিয়া। পরিচ্ছন্ন ও সুস্থ ভূঞাপুর গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।” স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে ভূঞাপুরের পরিবেশ আরও উন্নত হবে এবং পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত একটি জনপদ হিসেবে ভূঞাপুর নতুন পরিচিতি লাভ করবে।