প্রিন্ট এর তারিখঃ রবিবার ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড 

প্রকাশিত: ২০২৬-০৫-১৬ ১৭:২৪:৪০

News Image

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

 

আজ শনিবার (১৬ মে ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে তাকে এ দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার।

 

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মাদক সেবন ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ০২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক বিক্রি, সেবন ও বহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।