প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত: ২০২৬-০৫-০৭ ০০:০১:৫০

News Image

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আজ যমুনার শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট একলাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ ০৬ মে, ২০২৬ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভাদ্রা ও দপ্তিয়র ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফান উদ্দিন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিন জানান, নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের জ্বালাই গ্রামের বদর উদ্দিনের ছেলে জুলহাস কে বাল্কহেড দিয়ে যমুনার শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। 

 

অপরদিকে, নদী থেকে মাটি কাটার অপরাধে ভাদ্রা ইউনিয়নের টেংরিপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে মো. সজীব খানকে ১৫ হাজার টাকা জরিমানা এবং দপ্তিয়র ইউনিয়নের আমির হোসেনের ছেলে লিটনকে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

 

এছাড়া, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক নিশ্চিন্তপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি ড্রেজার মেশিন জব্দ করেন। ঘটনাস্থলেই সেগুলো অকেজো করে দেয়া হয়েছে।