প্রিন্ট এর তারিখঃ রবিবার ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-২৬ ১৫:৫১:৪০
অনলাইন নিউজ ডেস্ক:
দীর্ঘদিন ঝুলে থাকা সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিয়েছে হাইকোর্ট। নির্ধারিত সময়েও তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন এই সময়সীমা নির্ধারণ করেন।
রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বছরের বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তদন্ত শেষ করতে ৬ মাস সময় দেওয়া হয়েছিল, যা শেষ হওয়ার কথা ছিল এই দিনেই।
শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল আদালতকে জানান, “সাগর-রুনি হত্যা মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে কাজ সম্পন্ন করতে আরও কিছুদিন সময় প্রয়োজন।” একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “১৩ বছর পেরিয়ে গেলেও একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডে চার্জশিট দিতে না পারা অত্যন্ত দুঃখজনক।”
রিটকারী পক্ষের আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির করার আবেদন জানান। তবে আদালত অগ্রগতি প্রতিবেদন বিবেচনায় নিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত দেন।
এই মামলার তদন্তে ইতোমধ্যে একাধিকবার সংস্থা পরিবর্তন করা হয়েছে। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে র্যা বকে সরিয়ে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়। পুলিশ, সিআইডি ও রযাকেবের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই টিম বর্তমানে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এক যুগেরও বেশি সময় পার হলেও এখনো মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা না হওয়ায় ক্ষোভ ও হতাশা রয়েছে পরিবারসহ সংশ্লিষ্টদের মধ্যে।