প্রিন্ট এর তারিখঃ রবিবার ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-২৬ ১৫:০৯:৪৯
অনলাইন নিউজ ডেস্ক:
চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সেশনজট কমাতে ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষ করে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
আজ রোববার (২৬ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, সরকার পরীক্ষার সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, “আমরা চাই ডিসেম্বর হোক পরীক্ষার মাস, জানুয়ারি থেকে শুরু হোক নতুন শিক্ষাবর্ষ। এতে অপেক্ষার সময় কমবে, সেশনজটও হ্রাস পাবে।” শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে দ্রুত ভর্তি কার্যক্রম শেষ করার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব নিয়ে উদ্বেগ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা ঠিক নয়। টেলিগ্রাম বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই জরুরি। তার ভাষায়, “একটি সংবাদ প্রকাশের আগে সেটি ভেরিফাই করা গণমাধ্যমের দায়িত্ব।”
গুজব ছড়ানো এবং যাচাইহীন তথ্য প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বলেন, “যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে।”
প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে কিছু সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, গুজবের কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
এসএসসি পরীক্ষা নিয়ে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, “আমরা সুন্দর পরিবেশে পরীক্ষা নিচ্ছি। এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট।” তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
সেশনজট কমানোর প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই বছরের কোর্স নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলে উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়াও দ্রুততর হবে।
শিক্ষাবিদদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের শিক্ষা ক্যালেন্ডারে শৃঙ্খলা ফিরতে পারে। বিশেষ করে দীর্ঘদিনের সেশনজট কমাতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।