প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও হামলার প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের কর্মী সমাবেশ

প্রকাশিত: ২০২৬-০৪-২৪ ২১:৪৯:৫৯

News Image

মোঃ উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি: 
যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘বাছাইকৃত কর্মী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের বিডি হলে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ক্যাম্পাসে সাম্প্রতিক অস্থিরতা, গ্রাফিতি অবমাননা এবং সাধারণ নেতাকর্মীদের ওপর হামলার জন্য ছাত্রদল ও বিএনপিকে অভিযুক্ত করেন।

 

বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, "বিগত কয়েকদিন ধরে অত্যন্ত পরিকল্পিতভাবে ক্যাম্পাসে শিবিরের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদির স্মরণে আঁকা গ্রাফিতি মুছে দিয়ে সেখানে আপত্তিকর শব্দ লেখা হয়েছে, যা শহীদদের স্মৃতির প্রতি চরম অবমাননা।"

 

তিনি আরও অভিযোগ করেন যে, "প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে ফেরার পথে শিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের কর্মীরা হামলা চালায়।

 

এই হামলা ঠেকাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আহত হয়েছেন। বিকেলের প্রতিবাদ মিছিলে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পুনরায় হামলা চালানো হয়েছে।"

 

নূরুল ইসলাম সাদ্দাম বর্তমান পরিস্থিতির জন্য ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনগুরুত্বপূর্ণ ইস্যু থেকে দৃষ্টি সরাতেই বিএনপি পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, "ক্ষমতা দখলের মানসিকতা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিজেদের দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।" উদ্ভূত পরিস্থিতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 

সমাবেশে সভাপতির বক্তব্যে সাদ্দাম উল্লেখ করেন যে, একমাত্র ইসলামী আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজের বর্তমান বিশৃঙ্খলা ও অন্যায় দূর করা সম্ভব। তিনি বলেন, "ছাত্রশিবির ক্ষমতার লিপ্সায় নয়, বরং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গড়তে কাজ করে যাচ্ছে।" এসময় তিনি সাধারণ মানুষকে সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু জাফরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য যশোর-৫ অ্যাডভোকেট গাজী গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াত সেক্রেটারি আবু জাফর, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি এইচ এম শামীম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী মুকিত প্রমুখ।