প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-২২ ২৩:১০:৪৭
অনলাইন নিউজ ডেস্ক:
সংসদ সদস্যদের জন্য ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, বরং সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
আজ বুধবার (২২ এপ্রিল, ২০২৬) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করেন, তার আগের বক্তব্য নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটি নিরসন করতেই তিনি সংসদে বিষয়টি আবার তুলে ধরেছেন। তিনি বলেন, “ট্যাক্স-ফ্রি গাড়ি আমরা নেব না, প্লট সুবিধাটিও নেব না।” সংসদের সদস্যরা এ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন বলেও জানান তিনি।
সংসদ সদস্যদের কাজের সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা যেভাবে সরকারি দায়িত্ব পালনের জন্য গাড়ি ব্যবহার করেন, একইভাবে এমপিদেরও একটি নির্দিষ্ট সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে। তার ভাষায়, “সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন এমপি থাকবেন, ততদিন ব্যবহার করবেন, এতে অতিরিক্ত খরচও লাগবে না।”
বর্তমান ব্যবস্থার সীমাবদ্ধতাও তুলে ধরেন তিনি। জানান, সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে প্রায় ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও তাদের নিজস্ব কোনো সরকারি গাড়ি নেই। এই বাস্তবতায় সরকারি গাড়ি ব্যবহারের প্রস্তাবটি যৌক্তিক বলেই মনে করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, এটি একটি অনন্য নজির।