প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩


জাতীয়

পুলিশের কোনো সদস্য অপরাধ করলে আর ছাড় নয়: হুঁশিয়ারি আইজিপির

প্রকাশিত: ২০২৬-০৪-১১ ২৩:২৬:২১

News Image

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্সের সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে হুঁশিয়ারি করে বললেন, বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেয়া হবে না।

 

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় প্রত্যেক জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা ঘোষণা করা হয়েছে জানিয়ে বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়াবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আইজিপি বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি তোমাদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। আইন জানা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি তাদের জন্য আয়-বৃদ্ধিমূলক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন আইজিপি।

 

এদিন অনুষ্ঠানে আইজিপির অনুরোধে ‘কেমন পুলিশ চাই’ এ বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেয়া হয়। এ সময় শহিদ পুলিশ স্মৃতি কলেজের সৌমিক সরকার দুর্জয়, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের মাহিন আল হোসেন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের মাহজাবিন জেরিন পুষ্পিতা নিজেদের মতামত ব্যক্ত করে পুলিশকে বন্ধুসুলভ ও জনবান্ধব পুলিশ হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সঙ্গে জনগণের সঙ্গে পুলিশের আচরণের ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি মানবিক দিক বিবেচনার বিষয়টিও তাদের মতামতে উঠে আসে।