প্রিন্ট এর তারিখঃ বুধবার ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
প্রকাশিত: ২০২৬-০৩-৩১ ০৭:২৫:২৮
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ সোমবার ৩০ মার্চ, ২০২৬ সকাল ১০ টায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, বগুড়া জেলার গাবতলী উপজেলা পরিদর্শন করেন।
বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে তিনি গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এ সময় তিনি প্যাথলজি বিভাগ, বহির্বিভাগ, জরুরি বিভাগসহ বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি চিকিৎসকদের সঙ্গে রোগীদের সেবা প্রদানের মান, উপস্থিতি এবং চিকিৎসা ব্যবস্থার সার্বিক অগ্রগতি বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন।
এছাড়াও তিনি নেপালতলী ইউনিয়নের নেপালতলী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি জানান যে, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
তিনি উল্লেখ করেন যে, সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন/খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে বাস্তবায়িত এ ধরনের কার্যক্রম স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ উন্নয়ন এবং জনজীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও তিনি নেপালতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।
উক্ত পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান, গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান,গাবতলী সহকারী কমিশনার (ভূমি), মোঃ আব্দুর রউফ ও গাবতলী উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।