প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৩-২৭ ১৬:১৪:০০
অনলাইন নিউজ ডেস্ক:
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) আজ শুক্রবার (২৭ মার্চ) ভোরে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর ঢাকার রমনা এলাকা থেকে তাকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে।
বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শরিফুল ইসলাম জিন্নাহ শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া ডিবির একটি টিম ঢাকার রমনা থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে তিনি পলাতক ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা বিচারাধীন।