প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৩-২৪ ০০:৫১:৩৫
অনলাইন ডেস্ক:
রাজধানীর ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে আগামী ১ এপ্রিল থেকে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ ২৩ মার্চ, ২০২৬ সোমবারডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের নির্ধারিত সীমার বাইরে ফুটপাত ও রাস্তার অংশ দখল করে কার্যক্রম পরিচালনা করছে। রেস্টুরেন্ট, মোটর ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ নানা ধরনের প্রতিষ্ঠানের অতিরিক্ত সরঞ্জাম ও কার্যক্রম ফুটপাত এবং সড়কের ওপর ছড়িয়ে পড়ছে।
উদাহরণ হিসেবে বলা হয়, রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, গ্রিল বা কাবাব মেশিন, মোটর ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি, ওয়েল্ডিং ওয়ার্কশপের মালামাল, পোশাকের দোকানের প্রদর্শনী কিংবা আসবাবপত্র ফুটপাত দখল করে রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রে গাড়ি মেরামতের কাজ করতে গিয়ে সড়কের একাংশও দখল করা হচ্ছে।
এতে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। বাধ্য হয়ে অনেক পথচারী সড়কে নেমে চলাচল করায় যানজটও সৃষ্টি হচ্ছে।
এই পরিস্থিতি নিরসনে ডিএমপি সংশ্লিষ্ট সব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের অবিলম্বে ফুটপাত ও সড়ক থেকে তাদের মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কেউ নির্দেশনা না মানলে ১ এপ্রিল থেকে বিশেষ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীকে দখলমুক্ত রাখতে এই অভিযানে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।