প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০২-২৬ ২৩:২৬:২০
টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মন্ত্রিপরিষদের সভায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দিনের শুরুতেই প্রশাসনিক এই বৈঠকের মাধ্যমে নতুন সরকারের কার্যক্রমে আনুষ্ঠানিক গতি আসে।
সকালের বৈঠক শেষে বেলা পৌনে ১১টার দিকে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। সেখানে একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২৬ প্রদান করা হচ্ছে।
মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে এই সভাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সরকারের নীতি ও অগ্রাধিকার নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা নির্ধারণের ক্ষেত্র হিসেবে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দিনের কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।