প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০২-২৬ ১৮:১৭:০২
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার গোপালপুর পৌরসভার নন্দনপুর ভুয়ারচক এলাকায় এক মাদ্রাসায় আগুনে দগ্ধ হয়ে শিউলী বেগম (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৬) রাত ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
শিউলী বেগম মাইজবাড়ী এলাকার মোঃ মিন্টু মিয়ার স্ত্রী। তিনি সাম্প্রতিক সময়ে নন্দনপুর ভুয়ারচক এলাকায় তার পিতার বাড়িতে থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি মদিনাতুল উলুম নিজামিয়া মাদ্রাসা ও এতিমখানায় রান্নার দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার দিন ভোরে তিনি মাদ্রাসার রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় চুলার আগুনের সূত্র ধরে তিনি অগ্নিদগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক ধারণা।
খবর পেয়ে গোপালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।