প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অভিনব প্রচারণায় ওয়েবসাইট ব্যবহার

প্রকাশিত: ২০২৬-০২-০৬ ১৩:৪৬:৪৭

News Image

নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল প্রচারণায় নতুনত্ব আনতে একটি ওয়েবসাইট চালু করেছেন। 

 

টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে টাঙ্গাইল-৫ সংসদীয় আসন গঠিত। এ আসনে সর্বশেষ হিসাব অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ১৭৩ জন। এরমধ্যে নারী, পুরুষ ও হিজড়া(তৃতীয় লিঙ্গ) ভোটার ছাড়াও পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সংখ্যা ৫ হাজার ২৩৯জন। এ আসনে ১৩০টি সেন্টারের মধ্যে ২২টি সেন্টার ঝুঁকিপূর্ণ। মোট ভোট কক্ষ রয়েছে ৯১০টি। 

 

ওয়েবসাইটটিতে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ঘোষিত সদর উপজেলার উন্নয়নে সুনির্দিষ্ট ২৪টি নির্বাচানী ইশতেহার, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ, গণশুনানি এবং প্রত্যক্ষ জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গিকার করা হয়েছে। এছাড়া প্রার্থীর চলমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং সদর উপজেলার উন্নয়নে জনগনের গঠনমূলক মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। 

 

এ প্রসঙ্গে টাঙ্গাইল-৫ (সদর) আসনে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, বর্তমানে আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে জনগনের বসবাস। এটি শুধুমাত্র ভোটের প্রচারণা নয় একই সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলার যে কোনো মানুষ যাতে তারঁ সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং তাৎক্ষণিক কৃষক, শ্রমিক, চাকুরিজীবী, ছাত্র-শিক্ষক, অভিভাবকরা কাঙ্খিত সেবা পেতে পারে সেজন্য এ ওয়েবসাইটটি চালু করেছেন। 

 

প্রকাশ, টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ১০জন প্রার্থী ইলেকশনের অংশ নিয়েছেন। তারা হচ্ছেন- জামায়াতে ইসলামীর জেলা আমীর আহসান হাবিব মাসুদ (দাঁড়িপাল্লা), বাংলাদেশ কংগ্রেসের একেএম শফিকুল ইসলাম (ডাব), ইসলামী আন্দোলনের খন্দকার জাকির হোসেন (হাতপাখা), গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার বীথি(মাথাল), জাতীয় পার্টির মোজাম্মেল হক (লাঙ্গল), গণঅধিকার পরিষদের (জিওপি) মো. শফিকুল ইসলাম (ট্রাক), সুপ্রীমপার্টির (বিএসপি) মো. হাসরত খান ভাসানী (একতারা), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা(তারা), বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল(হরিণ)। ।