প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩


আবহাওয়া

মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি ঝরবে কয়দিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত: ২০২৫-০৯-১৪ ২৩:২৩:৫০

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টি হচ্ছে, যা আরও কয়েকদিন চলতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই বৃষ্টিপাত আগামি ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ রোববার গণমাধ্যমকে জানান, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর ফলে ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। তিনি বলেন, এই সময়ে কোথাও কোথাও বৃষ্টিপাত কমবে আবার বাড়তেও পারে।

 

রোববার সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এছাড়া সক্রিয় দক্ষিণ বা পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। একইসঙ্গে ঢাকাসহ বড় শহরে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

 

বৃষ্টিপাতের কারণে দেশের তাপমাত্রাও কিছুটা কমবে। দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।