প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ২০২৫-০৯-০৮ ১৭:০৯:০৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি : 
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 

 

৭ সেপ্টেম্বর, ২০২৫ রবিবার বিকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। 

 

বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ ও অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল কায়েস।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমনসহ অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা।

 

উদ্বোধনী খেলায় দুপচাঁচিয়া উপজেলা ১-০ গোলে সারিয়াকান্দি উপজেলাকে হারায়। দ্বিতীয়ার্ধের ৩২তম মিনিটে রবিন বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন। ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিজয়ী রবিনের হাতে তুলে দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা ও শহীদ কমর উদ্দিনের মাতা জমেলা বেগম।