শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

আলোচিত খবর

হাদি হত্যার বিচার এখনো শুরু হয়নি কেন, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

প্রকাশিত: ২০২৬-০৩-১৬ ০৬:২৪:১১

News Image

অনলাইন ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার এখনো শুরু না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

 

রোববার (১৫ মার্চ, ২০২৬) দুপুর ২টা ৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মামলার বিচার বিলম্বের পেছনের আইনি প্রক্রিয়া তুলে ধরেন।

 

পোস্টে আসিফ নজরুল বলেন, ওসমান হাদি ছিলেন গণমানুষের অত্যন্ত প্রিয় মুখ। তার ভাষায়, “আমাকে বহু মানুষ অনুরোধ করতেন হাদি হত্যার বিচারের জন্য। আমি সরকারে থাকা অবস্থায় এই বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছিলাম। এই আশাও ছিল যে আমাদের সরকারের মেয়াদকালে এটি সম্পন্ন হবে।”

 

তবে বাস্তবতা ভিন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আসিফ নজরুল জানান, “দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই হত্যার বিচার এখনো শুরুই করা যায়নি।” তিনি বলেন, চলতি বছরের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন। কিন্তু মামলার বাদী ওই অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে আদালতে নারাজি আবেদন করেন।

 

তিনি ব্যাখ্যা করেন, এ ধরনের মামলায় নারাজি আবেদন থাকলে আদালতের পক্ষে অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন হয় না। এজন্য আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডিকে নির্দেশ দেন। সেই তদন্ত এখনো শেষ হয়নি বলেই বিচার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

 

আসিফ নজরুল আরও বলেন, সিআইডি তদন্ত শেষ করে নতুন করে অভিযোগপত্র দাখিল করলে এবং তাতে আর নারাজি না এলে বিচারকার্য শুরু হবে। তবে তদন্তে ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে বাদী আবারও নারাজি দিতে পারেন, সেক্ষেত্রে বিচার আরও পিছিয়ে যেতে পারে।

 

তিনি আরও উল্লেখ করেন, আদালত চাইলে বাদীর নারাজি অগ্রাহ্য করে বিচার শুরু করতে পারে। তবে এতে বিচার নিয়ে বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

 

শেষে তিনি বলেন, “আমরা যতটা ভাবি, তদন্ত আর বিচার আসলে এত সরল বিষয় নয়। তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করা সম্ভব, সঠিক তদন্ত ও বিচারও সম্ভব। এই সদিচ্ছা আমাদের সবার থাকা উচিত।”
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭